পঞ্চায়েত ভোটে রক্তের বদলে রক্ত ঝরবে, বললেন বনগাঁর বিজেপি নেতা

আমাদের ভারত, বনগাঁ, ৭ জুলাই: নির্বাচন ঘোষণা না হলেও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রীও প্রচারে নেমে পড়েছেন। বিজেপিও প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের কথা তুলে ধরে বিজেপি আগে থেকেই হুঙ্কার ছাড়তে শুরু করল। বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়ে বললেন, “পঞ্চায়েত ভোটে রক্তের বদলে রক্ত ঝরবে।” চাঁদপাড়ায় রক্তদান শিবির থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দেবদাস মন্ডল। তাঁর কথায়, বিজেপিকে আগের মতো ভাবলে ভুল হবে। কারণ ২০১৮–র বিজেপি আর বর্তমান বিজেপি এক নয়।

শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে বুধবার গাইঘাটার চাঁদপাড়ায় বিজেপির তরফ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।

তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে যদি একটা বিজেপি কর্মীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে তৃণমূলেরও ঝরবে। তিনি বলেন, সেদিনের বিজেপি আর আজকের বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাত। তাই আমরা আগাম রক্ত সঞ্চয় করে রাখছি। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “২০১৮–র পঞ্চায়েত নির্বাচনে বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে। এবার ২০২৩–এ পঞ্চায়েত নির্বাচন হবে আলাদা। আমাদের কর্মীর মাথা ফাটলে আমরা কি দাঁড়িয়ে দেখবো?? ওদেরও ফাটাবো।”

বিজেপি নেতার হুঁশিয়ারি প্রসঙ্গে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন”, পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটে কোনও রক্ত ঝরবেনা। বিজেপি রক্ত ঝরানোর চেষ্টা করছে, কিন্তু ওদের চেষ্টা কখনোই সফল হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *