বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৭ জুন: বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও ছাত্র কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বি.এন.শাসমল হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হল। গত শুক্রবার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ ও মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে এবং গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতেই এই মহৎ উদ্যোগ।

তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী, নিবন্ধক ডঃ জয়ন্তকিশোর নন্দী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিবাজীপ্রতিম বসু, এমবিএ বিভাগের অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, বাংলা বিভাগের অধ্যাপক মহর্ষি সরকার, স্পোর্ট অফিসার সুহাস বারিক এবং ছাত্রকল্যাণ বিভাগের অধ্যক্ষ ডঃ অশোক কুমার। এই রক্তদান শিবিরের উদ্বোধনী ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি আগামীদিনে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমাজসেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলেই তিনি আশা রাখেন। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে তিনি সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

রক্ত সংগ্রহের জন্য মেদিনীপুর ও খড়্গপুর ব্লাড ব্যাঙ্ক থেকে মোট দুটি দল এসেছিল। মোট রক্তদাতা ছিল ১৬৩ জন। ছাত্রছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুবই আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *