পশ্চিম মেদিনীপুরে নির্দল প্রার্থীদের প্রতি বিজেপির হুঁশিয়ারি 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: দলীয় নির্দেশ অমান্য করে পৌরসভা নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বীতায় নামা প্রার্থীদের প্রচারপত্র বিলি করে প্রার্থীপদ প্রত্যাহার করার নির্দেশ দিল বিজেপি নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুরের ৫ জন গোঁজ প্রার্থীকে শোকজ করে ৭২ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। এই ৫ জনের মধ্যে ৩ জন প্রার্থী হয়েছেন মেদিনীপুর পুরসভায় এবং ২জন খড়্গপুর পৌরসভায়। 

বিজেপি জেলা কমিটি ৫ গোঁজ প্রার্থীকে পৃথক পৃথক ভাবে চিঠি দিয়ে জানিয়েছে, পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আপনাকে দলীয় নেতৃত্ব বারবার নিষেধ বা অনুরোধ করা স্বত্ত্বেও  মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এজন্য দল আপনার বিরুদ্ধে  শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন ব্যবস্থা গ্রহণ করবে না তার উত্তর ৭২ ঘন্টার মধ্যে দিতে হবে। দলের জেলা সভাপতি তাপস মিশ্রের স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়েছে ৫ গোঁজ প্রার্থীকে।

মেদিনীপুরে বিজেপির ঘোষিত ৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী শুভজিৎ দাস ওরফে বান্টির বিরুদ্ধে দেবব্রত চক্রবর্তী, ১৮ নম্বর ওয়ার্ডে মিলন মাইতির বিরুদ্ধে কাবেরী মন্ডল এবং ২৩ নম্বর ওয়ার্ডে তনুশ্রী মন্ডলের বিরুদ্ধে সুমিতা বেরা গোঁজ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অন্যদিকে খড়্গপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী সীমা ঘোষ রায়ের বিরুদ্ধে চন্দনা সরকার এবং ২০ নম্বর ওয়ার্ডে বি লীলার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিজায়ালক্ষ্মী। বিজেপি সূত্রে খবর, এই পাঁচজনকেই শোকজ করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে লিফলেট ছড়িয়ে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি ঘোষণা না করলে নির্বাচনের আগেই তাদের দল থেকে বহিস্কার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *