স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ফেব্রুয়ারি: বিজেপির পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষের ঢল উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। আদিবাসী থেকে মতুয়া সমাজের মহিলা ও পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাক, ঢোল, কাঁসর ও শঙ্খ বাজিয়ে মায়েরা উলুধ্বনির মাধ্যমে বিজেপির পরিবর্তন যাত্রার রথকে উত্তর দিনাজপুর জেলায় স্বাগত জানালেন। পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে চোপড়ার সোনাপুরে ওয়েল ইন্ডিয়া মোড়ে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি গৌতম দাস, বিজেপি নেতা সুবোধ সরকার, ফলেন্দ্রনাথ সিংহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। এই পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে সকাল থেকেই জেলার চোপড়ার সোনাপুর ওয়েল ইন্ডিয়া মোড়ে কাতারে কাতারে বিজেপি সমর্থকরা ভিড় জমান। বিজেপি সমর্থকদের পাশাপাশি মহিলা মোর্চা, যুব মোর্চা সহ বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের হাজার হাজার কর্মীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে এলাকার মতুয়া সম্প্রদায়ের মানুষ ও আদিবাসী মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উলু আর শঙ্খধ্বনির মাধ্যমে পরিবর্তন যাত্রার রথকে উত্তর দিনাজপুর জেলায় স্বাগত জানান তাঁরা।


