আমাদের ভারত, ১৭ নভেম্বর:
আমাদের কর্মীরা তৃণমূলকে তাড়িয়ে দেবে।উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ২৪ পরগনা, কোথাও তৃণমূল থাকবে না। এমনটাই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
১৫ ই নভেম্বর আলিপুরদুয়ারে জুডিশিয়াল থার্ড কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। কোচবিহারে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে আলিপুরদুয়ারে দুটি সোনার দোকানের চুরির সঙ্গে নাকি তিনি জড়িত ছিলেন। এই নিয়ে রাজনৈতিক তরজায় নেমেছে বাংলার দুই যযুধান দল। সুকান্ত মজুমদারের পাল্টা অভিযোগ, তৃণমূল নিশীথ প্রামাণিকের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, “তৃণমূল সফল হবে না। আমাদের কর্মীরা ওদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ২৪ পরগনা সব জায়গা থেকে বের করে দেবে।”
অন্যদিকে, তৃণমূল বিধায়ক অখিল গিরি রাষ্ট্রপতিকে নিয়ে করা মন্তব্যে তোলপাড় হয়েছে রাজ্য থেকে গোটা দেশ। এর মধ্যে তৃণমূল বিধায়ক বীরবাহার বিরুদ্ধে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য আবার সামনে উঠে এসেছে। তৃণমূলের তরফে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করেননি বলেই জানিয়েছেন। তাছাড়া সে সময় তো তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন। তৃণমূল তখন বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন? এর অর্থ তৃণমূল কংগ্রেস আদিবাসী সম্প্রদায়ের বিরোধী মনোভাবাপন্ন।”
কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, “কেন্দ্র সরকার টাকা দিতে প্রস্তুত কিন্তু তাদের এই টাকা ভালো এবং সঠিক কাজে লাগাতে হবে। আক্রমণাত্মক সুরে তিনি বলেন, তৃণমূল প্রধান চান যে কেন্দ্র টাকা পাঠিয়ে যাবে এবং তার দলের লোকেরা তার লুট করতে থাকবে।”

