নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ এপ্রিল: মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল হওয়ায় বেহালা থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের। বৃহস্পতিবার বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জির সমর্থনে মিছিল করার কথা ছিল মহাগুরুর। কিন্তু শেষ মুহূর্তে বেহালা থানার অনুমতি না মেলায় মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করেন বিজেপি নেতারা।
আজ সকালে বেহালা পর্ণশ্রী বাসস্ট্যান্ড থেকে মিছিল করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। মিছিলটি শেষ হওয়ার কথা ছিল বেহালা থানার সামনে। মিছিলের অনুমতি না মেলায় পরে ডোর টু ডোর প্রচার করার কথা পুলিশকে জানিয়েছিল বিজেপি কর্মীরা। পুলিশ তাও করতে দেয়নি বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। এরপর বিজেপি কর্মীরা বেহালা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
মিছিল পন্ড হওয়ায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, আমাদের পুলিশ দিয়ে আটকানো যাবে না। পুলিশ দিয়ে মিঠুন চক্রবর্তীর মিছিল বাতিল করল তৃণমূল। আমি বেহালার মেয়ে। আমাকে আমার পাড়ায় আটকে রাখার জন্য সবরকম চেষ্টা করছে রাজ্যের শাসক দল। কিন্তু আমি মানুষের ভালোবাসা পেয়েছি। তারাই আমাকে বেহালা পশ্চিমে জেতাবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি।

