আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ ডিসেম্বর: বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পানিহাটি বিধানসভার মিলনগড় এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী পার্থ সাহা। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাঁকে ঘিরে ধরে লাঠি, বাঁশ দিয়ে আঘাত করে। ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দেওয়া হয়।
জখম বিজেপি কর্মী পার্থ সাহা বলেন, “পানিহাটি পুরসভার মিলনগড় এলাকায় আমরা বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিলাম। সেই সময় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে ঘোলা থানার পুলিশ এসে বিষয়টা মিটিয়ে দেয়। পুলিশ বলে, বাড়ির মালিক যাদের অনুমতি দেবে তারাই দেওয়াল লিখবে। তাও আমরা অর্ধেক দেওয়াল ছেড়ে লিখছিলাম। কিন্তু ওরা সেসব মানেনি । আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমাকে রাস্তায় ঘিরে ধরে এইভাবে মারল।”

অন্যদিকে পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাট চক্রবর্তী বলেন, “এই অঞ্চলে বিজেপির কোনও দেওয়াল ছিল না। আমাদের দেওয়াল দখল করে ওরা বিজেপির নাম লিখছিল। আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে। ওরা পাল্টা আমাদের ছেলেদের মারতে এসেছিল। তখন যা প্রতিরোধ হওয়ার হয়েছে। আমার ঘরে কেউ চুরি করতে ঢুকলে চোরকে কি আমরা ছেড়ে দেব? আমাদেরও ২ জন কর্মী জখম হয়েছে।”
ঘোলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি। এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে পানিহাটি বিধানসভার এলাকায়।

