পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে রানাঘাটে বিক্ষোভ বিজেপির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুলাই: শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর তাঁর কুশপুতুল দাহ করল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থকরা। রানাঘাট শহরের কেন্দ্রস্থল চৌরঙ্গী মোড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।

শনিবার সন্ধ্যায় রানাঘাটে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে একুশ কোটি টাকা উদ্ধার করে ইডি। সেই ঘটনায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এদিন রানাঘাটের চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সভার আয়োজন করে বিজেপি রানাঘাট শহর মন্ডল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, দুর্নীতিতে যুক্ত তৃণমূলের মন্ত্রীদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। শনিবার সন্ধ্যায় বিজেপির রানাঘাট পার্টি অফিস থেকে প্রতিবাদী মিছিল রানাঘাট শহর পরিক্রমা করে রানাঘাট চৌরঙ্গী মোড়ে আসে।সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *