মা কালী বিতর্কে মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে কলকাতায় বিজেপি-র বিক্ষোভ

আমাদের ভারত, ৬ জুলাই: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ‘হিন্দু বিরোধী মন্তব্যের’ জন্য বৌবাজার থানায় বিজেপি-র বিক্ষোভ সমাবেশ হয়। মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।

আগেই তথাগত রায় এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল সাংসদকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ইতিমধ্যেই মা কালী তথ্য চিত্রের পরিচালক লিনা মনিমেখলাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশ। এবার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবিতে পথে নামল।

ইন্ডিয়া টুডে কনক্লেভে মঙ্গলবার মা কালী পোস্টার বিতর্ক নিয়ে মন্তব্য করেন মহুয়া মৈত্র। তিনি বলেন, আমার কাছে কালী হলেন মাংস ভোজী, অ্যালকোহল(মদ) খান এমন এক দেবী।

যদিও মা কালী নিয়ে মহুয়ার মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের একাংশ দাবি করেছে, মা কালী বাংলায় কী ভাবে পূজিত হন, তা সকলেই জানেন। সেই পূজার উপচারে কী থাকে, তা-ও কালীভক্তরা জানেন। বিজেপির ‘বহিরাগত’রা বিষয়টি নিয়ে জলঘোলা করছে। দলের ওই অংশের বক্তব্য, বাংলা এবং বাঙালিয়ানার উপর ভিত্তি করেই তৃণমূল ২০২১ সালে বিজেপিকে হারিয়েছিল। এখন তারাই বাঙালির ‘কালীভক্তি’ নিয়ে কটাক্ষ করছে!

আজ বৌবাজার থানায় বিজেপি-র বিক্ষোভ সমাবেশের পর স্মারকলিপি জমা দেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী। তিনি ৭২ ঘণ্টার মধ্যে মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

লিনা মনিমেখলাইয়ের তথ্য চিত্র নিয়ে সম্প্রতি বিতর্কের ঝড় উঠেছে। এই ছবির পোস্টারে দেখা যাচ্ছে মা কালীর বেশে একজন দাঁড়িয়ে আছেন তার মুখে সিগারেট, তিনি ধূমপান করছেন। মা কালীর এইরূপ হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি নেতা তথাগত রায় দাবি করেছেন, পরিচালককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার মাঝে এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *