সাজানো পার্থ’র কোমরে দড়ি পরিয়ে বিজেপি’র মিছিল কলকাতায়

আমাদের ভারত, কলকাতা, ২৮ জুলাই: পার্থ-কাণ্ড সামনে আসার পর থেকে বিজেপির উদ্যোগে বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ রাজ্যের কিছু জায়গায় বিক্ষোভ প্রদর্শন হলেও কলকাতায় বড় মাপের কিছু হয়নি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দেবী কালীকে অপমান করেছেন বলে বিজেপি যে অভিযোগ তুলেছিল, তার প্রতিবাদে বৃহস্পতিবার গেরুয়া শিবিরের পক্ষে কালীপুজোর আয়োজন করার কথা ছিল। কিন্তু শেষবেলায় তা বাতিল করে মিছিলের ডাক দেওয়া হয়। প্রথমে কলেজ স্ট্রিটে জমায়েতের পরে মিছিল শুরু হয়েছে। সেই মিছিলে দেখা যায়, এক বিজেপি কর্মীকে পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে তার কোমরে দড়ি বাঁধা হয়েছে। ওই ব্যক্তির গলায় পেঁয়াজের মালাও পরানো হয়।

শনিবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠের দু’টি বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের পরে ইতিমধ্যেই পার্থকে তৃণমূল বহিষ্কার করতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবারের এমন সম্ভাব্য পদক্ষেপের দিনেই পার্থর পদত্যাগের দাবিতে মিছিল বের করে রাজ্য বিজেপি।

কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মিছিলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা। তবে অনুপস্থিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বামেদের তরফেও একটি মিছিল করা হয়।

বৃহস্পতিবার বিজেপির মিছিল ঘিরে যাতে কোনও রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। মিছিলে হাঁটতে হাঁটতেই দলের সর্বভারতীয় নেতা রাহুল সিনহা বলেন, “এত দিন শুনেছি লোকে রাত জেগে ভোটের ফলাফল দেখেন। গতকাল দেখলাম, টাকা গোনার ফলাফল দেখতে মানুষ রাতভর অপেক্ষা করছেন। সবার কৌতূহল একুশ পার হয় না কি একুশের নীচে থাকে। এই অবস্থা বাংলায় কখনও ছিল না। যে ভেলকি মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এর পর কোন মুখে কথা বলেছেন? আমি পরিষ্কার বলছি, এই টাকা তৃণমূলের টাকা। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় উপলক্ষ মাত্র। এই টাকার সামান্য একটা অংশ বেরিয়েছে। হাজার কোটি টাকাও বেরিয়ে যেতে পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *