কেশিয়াড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলা, মারধর ভাঙ্গচুর, থানায় অভিযোগ দায়ের

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১ জুন:
পশ্চিম মেদিনীপুরে ভোট পরবর্তী গোলমাল চলছেই। সবং, শালবনি ও ঘাটালের পর এবার কেশিয়াড়িতে বিজেপি করার কারণে মারধর ও ঘরবাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও  শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি থানার নছিপুর গ্রাম পঞ্চায়েতের ডাডরা এলাকায়।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় তৃণমূলের এক আলোচনা সভায় নছিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য কাঞ্চন ঘোষকে ডাকা হয়। কিন্তু  তিনি সভায় যেতে অস্বীকার করলে আচমকা তাঁদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির পঞ্চায়েত সদস্যের  অভিযোগ, বাড়িতে চড়াও হয়ে তৃণমূলের লোকজন পরিবারের সদস্যদের মারধর করার পর গাড়ি এবং বাড়িতে ভাঙ্গচুর চালায়। পরিবারের পাঁচ জন সদস্যকে আহত অবস্থায় কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পর কেশিয়াড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপি করার কারণেই এই আক্রমণ বলে দাবি বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের।
 
তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচন কেশিয়াড়িতে ভরাডুবির পর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিপ্রকাশ। ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই। কেশিয়াড়ি থানার পুলিশ দু’পক্ষের চারজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *