আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২ মে: দলীয় কর্মী খুন সহ একাধিক দাবিতে স্মারকলিপি দিতে গিয়ে থানার গেট বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে বসলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। এই হুঁশিয়ারি নিয়ে সোচ্চার শাসক দল। তাদের দাবি, দলের রাজ্য নেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় হুঁশিয়ারি দেন, ধ্রুব সাহা তো ওই দলেরই সভাপতি। এসব ওদের ফাঁকা বুলি।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ এপ্রিল বীরভূমের নলহাটিতে নিজের বাড়িতে খুন হন বিজেপি নেতা তথা এলাকার বিশিষ্ট চিকিৎসক মদনলাল চৌধুরী। খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে নলহাটি থেকে চারজন ও সাঁইথিয়া থেকে একজনকে গ্রেফতার করে নলহাটি থানার পুলিশ। চিকিৎসক খুনে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস ও পুলিশি জুলুমবাজি বন্ধের দাবিতে এদিন থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

এদিনের অবস্থান বিক্ষোভে অংশ নেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও বিজেপি মহিলা মোর্চার বীরভূম সভানেত্রী রশ্মি দে সহ বিজেপি কর্মী ও সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে ধ্রুব সাহা বলেন, “ওসিকে বলে রাখছি যদি তৃণমূলের হয়ে কাজ করেন তাহলে থানার গেট বন্ধ করে দেব। থানাকে স্তব্ধ করে দেব। আমাদের দাবি, সমস্ত মানুষের অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে হবে। শুধুমাত্র তৃণমূলের লোকজনের কথায় থানা চালালে হবে না”।
যদিও এনিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “এসব বাজার গরম করার জন্য বলছে। ওদের দলের সংস্কৃতি এটা। দেখবেন শুভেন্দু অধিকারীও এভাবেই বাজার গরম করার চেষ্টা করেন”।

