Nupur Sharma নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে খুনের হুমকি, এফআইআর দায়ের, নিরাপত্তা পেলেন বিজেপি নেত্রী নূপুর শর্মা

আমাদের ভারত, ৭ জুন: নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে বরখাস্ত করেছিল বিজেপি। এবার তাকে ও তার পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশের কাছে নিরাপত্তা চান বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। প্রাণ নাশের হুমকি পেয়েছেন বিজেপি নেত্রী। তাই নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি ও তার পরিবার। তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। বিতর্কিত মন্তব্যের জন্য রবিবারই নূপুরকে সাসপেন্ড করেছে দল।

দিন দশেক আগে একটি টিভি চ্যানেলে বিতর্কের অনুষ্ঠানে মহম্মদকে নিয়ে মন্তব্য করেন নূপুর। যার পাল্টায় বেশ কয়েকটি মুসলিম সংগঠন প্রতিবাদ জানায় ও কুয়েত কাতার ইরানের মতো ইসলামিক দেশগুলিতে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য বয়কটের আহ্বান করে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয় ভারত সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো ধর্মের অপমানের তীব্র বিরোধিতা করে। যদিও বিতর্ক তৈরি হবার পরেই নূপুর শর্মা নিঃশর্তভাবে বিতর্কিত বিবৃতি প্রত্যাহার করে নেন এবং পাল্টা দাবি করেন যে তার মন্তব্যগুলি মহাদেব শিবের প্রতি ক্রমাগত অপমান এবং অসম্মানের প্রতিক্রিয়ায় বলা। কিন্তু এর পরেও দেশের মধ্যে একাধিক মুসলিম নেতা ও সংগঠনের থেকে মারধর ও খুনের হুমকি পেয়েছেন নূপুর বলে অভিযোগ। এর বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এফআইআর-এ দাবি করা হয়েছে, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা নবী মহম্মদের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্যের জন্য হুমকি পেয়েছেন। দিল্লি পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *