অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ভারতীয় জনতা পার্টির নতুন কার্যালয় উদ্বোধন হলো সোমবার। রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি সাঁকরাইলের গড়ধরা চকে বিজেপির রোহিনী মণ্ডলের কার্যালয়ের উদ্বোধন করেন। পরে আর নয় অন্যায়ের বিরুদ্ধে দলীয় কার্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গলমহল হাসছে কিন্তু তা নয় জঙ্গলমহল কাঁদছে, অসংখ্য গরিব ছেলে চাকরির জন্য হাহাকার করছে। যেখানে ছত্তিশগড়ে বেশিরভাগ ছেলে আইএস, আইপিএস, ইঞ্জিনিয়ার, ডাক্তার সেখানে আমাদের এই রাজ্যে একটাও ছেলে মেয়েকে আইপিএস হতে দিচ্ছে না, ডাক্তার হতে দিচ্ছে না, ইঞ্জিনিয়ার হতে দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে এই রাজ্য ও জঙ্গলমহল থেকে উচ্ছেদ করার জন্য প্রস্তুত সকলে। তাই স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজ মিছিলে উপস্থিত হয়েছেন।

তিনি বলেন, একুশে পরিবর্তন হবে সাথে বদলাও হবে আর পুলিশকে বলছি আজকে থেকে তৃণমূল নেতাদের নিরাপত্তা দিন, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। সকলের নাম লেখা রয়েছে সে পুলিশ হোক আর নেতাই হোক। এভাবেই নাম না করে তৃণমূল ও পুলিশকে আক্রমণ করলেন রাজু বন্দ্যোপাধ্যায়।
আজকের এই কর্মসূচিতে রাজু বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার যুব মোর্চার সভাপতি চন্দনেশ্বর সেনগুপ্ত, সহ-সভাপতি সুমন্ত মহান্তি সহ বিজেপির গুরুত্বপূর্ণ সদস্যরা।

