পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুলাই: ভোট পর্ব মিটতেই বালুরঘাটে বড়সড় ভাঙনের মুখে গেরুয়া শিবির। জেলা সভাপতি, সাংসদ ও বিধায়ককে হতাশা ভরা চিঠি শহর মন্ডল সম্পাদকের। দিয়েছেন দলের সাথে সম্পর্ক ছেদ করবার ইঙ্গিতও। মঙ্গলবার এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। আগামীতে দল ছাড়ার ইঙ্গিত মিলেছে শহর মন্ডল কমিটির ও আরও বেশকিছু পদাধিকারির।
বালুরঘাট শহর মন্ডল সম্পাদকের লেখা সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করছেন। করোনা পরিস্থিতির মধ্যেও তাকে বিকল্প পথের চিন্তা করতে হচ্ছে। আর যার কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন টাউন মন্ডল সম্পাদক দুর্জয় কুন্ডু। যদিও তিনি অন্য কোনও দলে এখনই নিজের নাম লেখাবেন না সে বিষয়েও স্পষ্ট করেছেন এদিন।
জানা গেছে, বিজেপির এই বালুরঘাট টাউন মন্ডল কমিটিতে মোট ৬১ জন সদস্য রয়েছেন। যার মধ্যে ৬ জন সম্পাদক, ৬ জন সহ সভাপতি, ২ জন সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং একজন সভাপতি রয়েছে। এছাড়া সধারণ সদস্যও রয়েছেন প্রায় ৪৫ জন। ১৬ জন শহরের পদাধিকারীর মধ্যে অনেকেই ইতিমধ্যে দল ছাড়বার প্রস্তুতি নিয়েছেন বলেই দলীয় সুত্রের খবর।
আরও পড়ুন “স্পিকার দলদাস, বিধানসভাতেও বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে”: শুভেন্দু অধিকারী
যদিও জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন বলেন, বিষয়টি নিয়ে শহর সম্পাদকের সাথে কথা বলার পরেই এ ব্যাপারে বক্তব্য দিতে পারবেন।
বিজেপির শহর কমিটির সম্পাদক দুর্জয় কুন্ডু অবশ্য জানিয়েছেন, তিনি অন্য কোনও দলে যোগ না দিলেও বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক সমস্যার কারণে তার এই সিদ্ধান্ত। রাজনৈতিক দলে না থেকে অন্য কোনও সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কাজ করতে চান।

