আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২ এপ্রিল: রাজ্যে দু’দফা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫০টিতেই বিজেপি জিতবে৷ নন্দীগ্রামের আসনটিতে হারবেন মমতা ব্যানার্জি৷ আমি উত্তরবঙ্গে এসেছি কারণ এখানে ৫০টি আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করতে হবে। দিদি বাংলার জনগনকে ভয় দেখাচ্ছেন। খালি বলছেন খেলা হবে। দিদি, কি খেলা হবে? আপনার খেলায় আমরা ভয় পাই না। যত শক্তি আছে সবাইকে নামালেও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াই করতে প্রস্তুত রয়েছে। আমি উত্তরবঙ্গের মানুষকে বলতে এসেছি আপনারা ভয় পাবেন না। আমাকে বিশ্বাস করুন। কোনও গুন্ডা আপনাদের কিছু করতে পারবে না। নির্ভয়ে পদ্মফুলে ভোট দিন। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা-বাগানের ফুটবল মাঠে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এইভাবেই তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করেন।
শুক্রবার বেলা ১টা নাগাদ কালচিনি এবং মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশাল লামা ও মনোজ টিগ্গার সমর্থনে কালচিনিতে আসেন অমিত শাহ। উত্তরবঙ্গ তথা এখানে বসবাসকারী জনজাতি মানুষদের জন্য ঢালাও উন্নয়নের আশ্বাস দিয়েছেন। চা বলয়ে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন হবার পর চা শ্রমিকদের মজুরি ৩৫০টাকা করা হবে। চা শ্রমিকদের বসবাসের জমির পাট্টা দেওয়ার কাজ বিজেপি করবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী চা-শ্রমিকদের উন্নয়নের জন্য ১০০০কোটি টাকার একটি ফান্ড করেছেন।
অন্যদিকে জেলার ৫টি আসনে বিজেপি প্রার্থীদের ভোট দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা ক্ষমতায় আসলে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গে এইমস হাসপাতাল ও মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। উত্তরবঙ্গে একটি সেন্ট্রাল ইউনিভারসিটি গঠন করা হবে। নারায়ণী সেনার একটি ব্যাটালিয়ন গঠন করা হবে যেখানে গোর্খা ও রাজবংশী ভাইরা চাকরি পাবেন। প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়া হবে। ঠাকুর পঞ্চাননবর্মা সংগ্রহশালা তৈরির জন্য আড়াই কোটি টাকা খরচ করা হবে। নেপালিদের এগারোটি উপজাতিকে তপশিলি মর্যাদা দেওয়া সহ পাহাড়ে চায়ের ঔষধি গুণের অনুসন্ধানের জন্য পার্ক, পাহাড়ে পাঁচশো কোটি টাকা খরচ করে জৈবিক উৎপাদন কেন্দ্র তৈরি হবে। রাজ্যে ক্ষমতায় আসার পর মহিলাদের গাড়ি ভাড়া মকুব করে দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পরই সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন দিয়ে দেওয়া হবে। কেউ সেটাকে আটকাতে পারবেনা।”
এদিকে এদিন জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা সহ আরও দুই জেলা পরিষদের সদস্য অমিত শাহ’র সভামঞ্চে বিজেপিতে যোগ দেন। অমিত শাহ বলেন, মোহন শর্মা দলে আসায় আলিপুরদুয়ারের পাঁচটি আসনে জয়লাভ করবে বিজেপি। উত্তরবঙ্গ থেকে উৎখাত করতে হবে তৃণমূল কংগ্রেসকে৷

