আমাদের ভারত, ১৪ মার্চ:আজ তৃতীয়, চতুর্থ দফা ভোটের মোট ৬৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আজকের ঘোষিত প্রার্থীদের মধ্যে যেমন ৪ জন সাংসদ আছেন তেমনই ৫ জন অভিনেতা ও অভিনেত্রীও রয়েছেন। তবে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া বেশ কিছু উল্লেখযোগ্য নেতাকেও প্রার্থী করেছে পদ্মশিবির।
সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস বয়সের অজুহাতে প্রার্থী না করতেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সিঙ্গুরের এই মাষ্টার মশাই। সেই সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখকে বিজেপি সিঙ্গুর থেকেই প্রার্থী করে রাজ্যের শাসক দলকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে ডোমজুড়ে বিজেপি প্রার্থী হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিনের ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে ৪ বিজেপি সংসদকেও বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। চুঁচুড়া থেকে প্রার্থী হচ্ছেন রাজ্য বিজেপির অন্যতম মহিলা নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিনহাটা থেকে দাঁড়াচ্ছেন সংসদ নিশীথ প্রামানিক। তারকেশ্বর থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
এদিনের ঘোষিত তালিকায় আর একটি বিশেষ নাম অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তিনি আলিপুরদুয়ার থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে হাওড়া দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে। যদিও নাম ঘোষণার পরই তিনি ব্যাক্তিগত কারণে প্রার্থী হতে চান না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। দলের কর্মী হিসেবে তিনি কাজ করতে চান বলেই জানিয়েছেন রন্তিদেব সেনগুপ্ত।
চিত্র তারকাদের মধ্যেও বেশ কয়েকজনকে প্রার্থী করা হয়েছে। বেহালা পূর্ব থেকে প্রার্থী হচ্ছেন কিছুদিন আগেই বিজেপিতে যোগদানকারী অভিনেত্রী পায়েল সরকার। হাওড়া শ্যামপুর থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। চন্ডীতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন অভিনেতা যশ দাশগুপ্ত। সোনারপুর দক্ষিণ থেকে লড়াই করবেন টেলি অভিনেত্রী অঞ্জনা বসু।
এরা ছাড়াও যারা উল্লেখযোগ্য নাম তারা হলেন, দেবতনু ভট্টাচার্য্য। দেবতনু ভট্টাচার্য্য হিন্দু সংহতির নেতা। কট্টর এই হিন্দু নেতা প্রার্থী হচ্ছেন আমতা থেকে। প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন। বাসন্তী থেকে বিজেপি প্রার্থী রমেশ মাজি। জঙ্গিপাড়া প্রার্থী হচ্ছেন বিজেপির যুবনেতা দেবজিৎ সরকার। যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন রিঙ্কু নস্কর। কসবা থেকে প্রার্থী হচ্ছেন ডাঃ ইন্দ্রনীল খান।
এক নজরে দেখে নিন তৃতীয় ও চতুর্থ দফার জন্য ঘোষিত ৬৩ জনের বিজেপি প্রার্থী তালিকা…





