জয় লাহা, দুর্গাপুর, ১ এপ্রিল:
প্রচারে বেরিয়ে তৃণমূল কার্যালয়ের সামনে নেতাজীর মুর্তিতে মাল্যদান করলেন বিজেপি প্রার্থী। বৃহঃস্পতিবার নজিরবীহিন ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ১৯ নং ওয়ার্ড সুভাষপল্লীতে।
বর্তমান রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল ও বিজেপি পরস্পর দুই মেরুতে। প্রচার চলার মাঝপথ মুখোমুখি দর্শনে সৌজন্য সাক্ষাতের নজির ঘটেছে। তবে প্রধান প্রতিপক্ষ দলের কার্যালয়ের সামনে মনিষীর মুর্তিতে মাল্যদান করে নজির রাখলেন দুর্গাপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুই। তিনি দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী। গত কয়েকদিন ধরে জোরকদমে প্রচার শুরু করছেন। বাড়ি বাড়ি জনসম্পর্ক থেকে মিটিং মিছিল কোনও কিছুতেই খামতি নেই।
বৃহঃস্পতিবার দুর্গাপুর ১৯ নং ওয়ার্ড সুভাষপল্লীতে প্রচার করছিলেন লক্ষ্মণ ঘড়ুই। প্রচারের রাস্তার মাঝে পড়ে ওই ওয়ার্ডের তৃণমূলের কার্যালয়। তার সামনে নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মুর্তি বসানো ছিল। আর ওই মুর্তি দেখে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন লক্ষ্মণ ঘড়ুই। তিনি বলেন,” মনিষীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন আমাদের কর্তব্য। তাই সেখানে কার্যালয়ের রং না দেখে নেতাজী মুর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছি।”

