পুরনো ক্ষোভ ভুলে ঠাকুরবাড়িতে পুজো দিলেন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ও সাংসদ শান্তনু ঠাকুর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ মার্চ:
পুরনো সব ক্ষোভ ভুলে ঠাকুর বাড়িতে এলেন বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। দেখা করেন স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে। ঠাকুরবাড়ির হরিচাঁদ মন্দিরে একসঙ্গে দুজনে পুজোর দেন। শুক্রবার বাগদা বিধানসভায় প্রার্থী হিসেবে বিশ্বজিত দাসের নাম ঘোষণা হওয়ার পরে বৃহস্পতিবার প্রথম তিনি প্রচারে বেরিয়েছিলেন।

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর প্রার্থী বিশ্বজিত দাসকে পাশে নিয়ে বলেন, দাদা ভাইয়ের মধ্যে মনোমালিন্য হতেই পারে। সেটা সারা জীবন থেকে যাবে তেমন তো নয়। আগামী দিনে বিশ্বজিৎ দাসের হয়ে বাগদায় প্রচারও করবেন বলে জানান শান্তনু। বাগদায় বিশ্বজিৎ দাস জিতবে বলে তিনি আশাবাদী।

বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, ঠাকুরবাড়ির সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। ২০১১, ২০১৬ সালেও আমি ঠাকুরবাড়িতে পুজো দিতে এসেছি। শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। শান্তনু ঠাকুর আমার ছোট ভাই। আমার অনেক স্নেহের, অনেক আদরের। ভোট বড়বালাই তাই, বিশ্বজিৎ দাস শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করে ভোটের আগে মনোমালিন্য মিটিয়ে নিলেন, এমনটাই মনে করছে মতুয়া সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *