জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জানুয়ারি: গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে মেদিনীপুর পৌরসভা দখলে আত্মবিশ্বাসী বিজেপি। গত লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় পুরসভার পঁচিশটি ওয়ার্ডের মধ্যে সতেরোটিতে এবং বিধানসভা নির্বাচনে ন’টিতে এগিয়ে ছিল বিজেপি। সেই ফলাফল সামনে রেখে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র দাবি করেন, জনতার রায়ে এবার আমরা পৌরসভা নির্বাচনে জিতব। যদিও দলের একাংশের মতে, দলের গোষ্ঠী কোন্দল ও একটি বড় সংখ্যায় বসে যাওয়া কর্মীদের নিয়ে লোকসভা ও বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকা ওয়ার্ডগুলিতে জয় পাওয়া মোটেই সহজ নয়। তবে প্রার্থীদের জিতিয়ে আনার ক্ষেত্রে সম্প্রতি দলের রাজ্য সহ-সভাপতি শমিত দাশ ও নবারুন নায়েকের উপস্থিতিতে দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৈঠকে ওয়ার্ড ভিত্তিক পর্যবেক্ষক হিসেবে জেলা নেতাদের নিযুক্ত করা হয়েছে। এরপর মণ্ডল কমিটির নেতাদের বুথ ভিত্তিক দায়িত্বও দেওয়া হতে পারে বলে বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন।
জেলা বিজেপি সূত্রে খবর, দায়িত্ব পাওয়ার পর প্রতিটি ওয়ার্ডে কর্মীদের নিয়ে বৈঠক করছেন পর্যবেক্ষকরা। যে সমস্ত বুথে কর্মীদের একটি অংশ নিষ্ক্রিয় রয়েছেন সেখানে ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন কর্মীদের। বুথগুলিতেও একজনকে কনভেনার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর পৌরসভায় নির্বাচন হবে। নির্বাচনে দলের গোষ্ঠী কোন্দল বড়সড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, তাই নির্বাচনের আগে কোন্দল মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের খবর। যদিও জেলা সভাপতি তাপস মিশ্র দাবি করেন, মেদিনীপুরে দলের অন্দরে কোনও গোষ্ঠী কোন্দল নেই।
উল্লেখ্য, ২০১৩ সালে শেষবারের মতো মেদিনীপুর পৌরসভায় নির্বাচন হয়েছিল। সেবার বিজেপি কোনও ওয়ার্ডেই জিততে পারেনি।

