স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচির মন্তব্যের প্রতিবাদে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ ও অখিল গিরির কুশপুতুলকে জুতোপেটা ও তীরবিদ্ধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। মন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে রাজ্য মন্ত্রীসভা থেকে বহিষ্কারের দাবি করেন আদিবাসী নেতারা।

আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সম্পাদক টুইল মুর্মু বলেন, আমাদের সমাজের একজন মহিয়সী মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন। আর সেই মহিলা রাষ্ট্রপতির উদ্দেশ্যে কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন এই রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এরই প্রতিবাদে আমাদের আন্দোলন। অবিলম্বে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে রাজ্য মন্ত্রীসভা থেকে বহিষ্কারের দাবি করেন তিনি। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আদিবাসীদের অবরোধের জেরে তীব্র যানজটে আটকে পড়ে রায়গঞ্জ-শিলিগুড়ি এবং রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়কে বহু যানবাহন। তবে ঘন্টাখানেক অবরোধ চলার পর তা তুলে নেন আন্দোলনকারীরা।


