চোরাবাজারে কোটি কোটি টাকায় উইঘুর মুসলিমদের লিভার কিডনির মতো অঙ্গ বিকোনোর অভিযোগ চিনের বিরুদ্ধে

আমাদের ভারত, ৩০ অক্টোবর: পুষ্ট লিভার কিনতে চাইলে দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি টাকার কাছাকাছি। তবে ভালো মানের কিডনির দাম কিছুটা কম চোরাবাজারে। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আন্তর্জাতিক চোরা-বাজারে বিক্রি হওয়া এইসব অঙ্গ-প্রত্যঙ্গ বেশির ভাগই চিনের বন্দিশিবিরে আটক থাকা উইঘুর মুসলিমদের।

তবে শিনজিয়ান প্রদেশের বাসিন্দা উইঘুর মুসলিম ছাড়াও বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতি এবং ফালুন গং গোষ্ঠীর বন্দীদের কাছ থেকেও জোর করে অঙ্গ সংরহ করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে লেখা হয়েছে চিনের কমিউনিস্ট পার্টির সরকার বেআইনিভাবে বছরে অন্তত ১০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা) অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা চালাচ্ছে। চলতি বছরের গোড়াতে কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিন সরকারের বিরুদ্ধে তিব্বতীয় ফালুন গং বন্দিদের অঙ্গ কেটে বিক্রির অভিযোগ তুলেছিল। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ চিনের বিভিন্ন বন্দিশিবিরে আনুমানিক কুড়ি লক্ষ তুর্কিভাষী উইঘুর মুসলিম বন্দি রয়েছেন। এই সব বন্দিদের যৌনাঙ্গে ইলেকট্রিক শক, নিষিদ্ধ ওষুধ প্রয়োগ সহ নানা ধরনের অত্যাচার করা হয় বলে অভিযোগ। মহিলা বন্দীদেরকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

চল্লিশের দশকে স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্তান দখল করে শিনজিয়াং প্রদেশে নামকরণ করেছিল চিন। তারপর থেকেই সেখানকার বাসিন্দা উইঘুর মুসলিমদের একাংশ চিনে দখলদারির বিরুদ্ধে প্রতিরোধের লড়াই শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *