আমাদের ভারত, ২৮ আগস্ট: এর আগে সৌগত রায় বিরোধীদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করে পরার কথা বলেছিলেন। এবার তিনি বিরোধীদের জুতোপেটা করার কথা বলেছেন। যদিও এর পাল্টা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে সংযত হবার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি, গরুপাচার কাণ্ডে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হয়ে চলেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ সুরে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। তাদের মধ্যে অন্যতম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সুকান্তর কটাক্ষের জবাব দিতে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল বিদগ্ধ নেতা হিসেবে পরিচিত সাংসদ সৌগত রায়। এবার তিনি বিরোধীদের জুতো পেটা করার নিদান দিয়েছেন। আর তার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “তৃণমূল কংগ্রেস যে একজন শিক্ষিত মার্জিত মানুষকেও পরিবর্তন করে হার্মাদে পরিণত করতে পারে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অধ্যাপক সৌগত রায়।” সুকান্তর দাবি, সৌগত রায় জানেন যে তিনি আর টিকিট পাবেন না। তাই নম্বর বাড়ানোর জন্য এই ধরনের জ্বালাময়ী ভাষণ বা বক্তব্য রাখছেন।”
কটাক্ষের সুরে বিজেপি সাংসদের পরামর্শ, “বয়স হয়েছে, অধ্যাপক মানুষ, তার মুখে এই ধরনের কথা মানায় না। সংযত হতে বলুন, না হলে জনগণ ভবিষ্যতে ওনাকে গণতন্ত্রের জুতা দিয়ে জুতা পেটা করবে।”
প্রসঙ্গত, দলের একটি সভা বক্তব্য রাখার সময় সৌগত রায় বলেন, বিজেপি যারা করে তারা এক একটা বাঁদর। এদিন দিলীপ ঘোষের সাথে সুকান্ত মজুমদারের তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষকে এইট পাস ফিটার মিস্ত্রি বলে কটাক্ষ করেছেন সৌগত রায়। একই সঙ্গে দিলীপ সুকান্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন, “নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ জুতাপেটা করলে দুঃখ করবেন না।” তার প্রতিক্রিয়ায় সুকান্ত, গণতন্ত্রের জুতো দিয়ে সৌগত রায়কে জুতোপেটার কথা বলেছেন।

