করোনা আক্রান্তদের জন্য বাসে অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবা চালু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

আমাদের, ব্যারাকপুর, ২৯ মে: ব্যারাকপুর শিল্পাঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের অভাব মেটাতে চালু হলো অক্সিজেন বাস। সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন পরিষেবা পৌঁছে দিতে শনিবার বারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হল এমন একটি বাস পরিষেবা যার মধ্যে দুটি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা আছে।

রাজ্য সহ গোটা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে মহামারীর আকার ধারণ করেছে করোনা। ফলে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে অনেক জায়গায়। সেই সমস্যা মেটাতে এবার এগিয়ে এসেছে ব্যারাকপুর পুলিশ প্রশাসন । যেসব করোনা আক্রান্ত রোগীর অল্প অক্সিজেনের প্রয়োজন তারা একটি টোল ফ্রি নম্বরে ফোন করলেই ভ্রাম্যমাণ বাসটি পৌঁছে যাবে তাদের বাড়িতে। টোল ফ্রি নম্বরটি হল ৯৮৭৪৪৪৭৯২৯। বাসে বসেও রোগীরা অক্সিজেন নিতে পারবেন। আবার যদি বাড়িতে বসে নিতে চান সেটাও তারা করতে পারবেন। এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না রোগীর পরিবারকে। শুধু বাড়িতে বসে অক্সিজেন নেবার জন্য প্রয়োজন একটি অক্সিজেন মাস্কের।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত সম্পূর্ণ এলাকায় এই ভ্রাম্যমাণ মোবাইল অক্সিজেন গাড়িটি চলাচল করব। অক্সিজেনের ঘাটতি হলে এই পরিষেবা দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।
বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, “আমরা এখন একটি বাসে দুটি কনসেনট্রেটর নিয়ে পরিষেবা দেওয়া শুরু করলাম। পরবর্তীকালে আরও একটি বাস আমরা চালু করব। এখনও ৪টি অক্সিজেন কনসেনট্রেটর আমাদের কাছে আছে। প্রয়োজন হলে সবগুলোই ব্যবহার করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *