স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ফেব্রুয়ারি: “বাংলা নিজের মেয়েকেই চায়” রাজ্য তৃণমূল কংগ্রেস এই স্লোগান উদ্বোধনের পর আজ রায়গঞ্জে দলীয় জেলা কার্যালয়ে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস এই স্লোগানের উদ্বোধন করল। উদ্বোধন করলেন রায়গঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ ও রায়গঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর অরিন্দম সরকার।
“বাংলা নিজের মেয়েকেই চায়, মমতা বন্দোপাধ্যায়কেই চায় ” এই স্লোগান উদ্বোধন করার পর তৃণমূল কর্মী সমর্থকরা বোগ্রাম এলাকায় একটি সুবিশাল র্যালিও করে। রায়গঞ্জ ব্লকের বোগ্রাম এলাকায় রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস ভবনে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলের নতুন স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়” উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর অরিন্দম সরকার, রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব।

অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ বলেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সির পর আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে আমরা নতুন স্লোগান “বাংলা নিজের মেয়েকেই চায়” এর উদ্বোধন করলাম। ব্লকের প্রতিটি অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে এই স্লোগান তুলে ধরা হবে। বিজেপি বাংলার কৃষ্টি জানে না, তারা বাংলার সংস্কৃতি জানে না। বাংলার মানুষ দেখেছেন জাতপাত ভুলে সকল মানুষকে সাথে নিয়ে রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলা নিজের মেয়েকেই চায় আবারও মুখ্যমন্ত্রীর পদে। বাংলায় ক্ষমতায় আসবে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

