TMC, Bangain, বনগাঁর ত্রাস অসীম দাস গ্রেফতার, পরিচিত তৃণমূল কাউন্সিলরের অনুগামী হিসাবে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ মে: বনগাঁ এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের পরিবেশ তৈরি করা অভিযুক্ত অসীম দাসকে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসীম দাসের বিরুদ্ধে তোলাবাজি, বাড়ি দখল, আগ্নেয়াস্ত্র পাচার সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এলাকায় দুষ্কৃতীমূলক কার্যকলাপ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, সে তৃণমূলের শ্রমিক নেতা নারায়ণ ঘোষের ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত ছিল এবং ওই কাউন্সিলরের নির্দেশে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চলছিল বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অসীমের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। ভোটের আগে এলাকায় এলাকায় হুমকি দিচ্ছিল বলে জানা গিয়েছে। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত তোলা আদায়, জমি ও বাড়ি দখলের মতো ঘটনায় তার নাম জড়িয়েছে বহুবার। এছাড়াও সীমান্ত লাগোয়া এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্পতি বনগাঁ নিউমার্কেট লাগোয়া এলাকায় বেআইনি ভাবে একটা বাড়ি কিনেছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং অপরাধ চক্রের বিস্তার কতদূর পর্যন্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *