আমাদের ভারত, ২৮ এপ্রিল: উত্তরবঙ্গে বিজেপির ডাকা বনধ সফল ও সর্বাত্মক বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায় এই ধরণের সফল বনধ বহুদিন পর দেখা গেল।
বিজেপির রাজ্য সভাপতি উত্তরবঙ্গের মানুষকে বনধ সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “বনধের সফলতায় আমরা অত্যন্ত খুশি। উত্তরবঙ্গের মানুষকে ধর্মঘট সফল করার জন্য ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গ বহুদিন এই ধরনের বনধ দেখেনি। “তাঁর দাবি, মানুষের স্বতঃস্ফূর্ততাই এই বনধ সফল করেছে।
কালিয়াগঞ্জের জোড়া মৃত্যুর ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গের ৮ জেলায় বনধ পালন করেছে আজ বিজেপি। আজ বনধ সমর্থকদের সঙ্গে শাসক দলের বিবাদ দেখা গেছে একাধিক জায়গায়। বনধ সফল করতে সকাল থেকেই বিজেপি কর্মীরা পথে নেমেছিলেন। বেশ কিছু জায়গায় পথ অবরোধ করে, রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। শিলিগুড়িতে বনধের ভালো প্রভাব পড়েছে। সেখানে বনধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বলেও খবর। বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুকান্ত মজুমদার জানান, তাদের বেশ কিছু কর্মী গ্রেপ্তার হয়েছে আজ। উত্তর দিনাজপুর থেকে ১০ জন, জলপাইগুড়ি থেকে ১২ জন, আলিপুরদুয়ার থেকে ১৩৬ জন, কোচবিহার থেকে ৫৮ জন, উত্তর মালদা থেকে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।”
বনধের দিন যে টুকরো টাকরা অশান্তির ঘটনা ঘটেছে সেটা শাসক দলের নেতা কর্মীরা করেছে বলেই তাঁর অভিযোগ। বরং তাঁর পাল্টা দাবি, বেশ কিছু জায়গায় বিজেপির নেতা-নেত্রীদের আক্রান্ত হতে হয়েছে।

