বনধে কোনও প্রভাব পড়ল না উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ২৭ সেপ্টেম্বর: সোমবার সংযুক্ত কিষান মোর্চার ডাকা ভারত বনধে কোন‌ও প্রভাব পড়ল না উলুবেড়িয়ায়। এদিন সকাল ৬ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত বনধের সময়সীমা থাকলেও অন্যান্য দিনের মত সকাল থেকেই সচল ছিল উলুবেড়িয়া। এদিন সকাল থেকেই দোকান বাজার খোলা থাকার পাশাপাশি আর পাঁচটা দিনের মত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। যদিও বনধ উপেক্ষা করে এদিন যানবাহন চলাচল করায় বনধ সমর্থকদের বিরুদ্ধে চালকদের হুমকি দেওয়ার পাশাপাশি গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ ওঠে।

এদিন সকালে বনধ সফল করার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছিল বনধ সমর্থনকারীরা। এদিন সকালে প্রথমে উলুবেড়িয়া গরুহাটা মোড় অবরোধ করে বনধ সমর্থকরা। কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়। পরে বনধ সমর্থকরা উলুবেড়িয়া শহরে মিছিল করে উলুবেড়িয়া ষ্টেশন মোড় অবরোধ করে। এখানেও কয়েক মিনিট পথ অবরোধের পর বনধ সমর্থকরা মিছিল করে ১৬ নং জাতীয় সড়কে নরেন্দ্র মোড় অবরোধ করার চেষ্টা করে। যদিও পুলিশের বাধায় জাতীয় সড়ক অবরোধ করতে পারেনি বনধ সমর্থকরা। এখানে পুলিশের সঙ্গে বনধ সমর্থকদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের বাধায় বনধ সমর্থকরা উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে গিয়ে একটি পথসভা করে। এদিন বনধকে কেন্দ্র করে অশান্তি এড়াতে রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *