পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ এপ্রিল: ১৩০ কিলোমিটার গতিবেগে ছুটে নির্ধারিত সময়েই খড়্গপুর স্টেশনে পৌঁছল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার হাওড়া থেকে শুরু হয় প্রথম খড়্গপুর ডিভিশনের হাতে এই বন্দে ভারত এক্সপ্রেসের পরীক্ষামূলক সফর। রাজ্যের দ্বিতীয় এই বন্দে ভারতের রক্ষনাবেক্ষণ করবে খড়্গপুর ডিভিশন।
এদিন সকাল ৬টা বেজে ১০ মিনিটে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এই বন্দে ভারত এক্সপ্রেস। খড়্গপুরে পৌঁছয় সকাল ৭টা ৩৮মিনিটে। ট্রেনের গতিবেগ ১৩০ কিলোমিটার ছিল বলে জানা গিয়েছে। এদিন ট্রেনটি পুরী পৌঁছবে বেলা ১২টা ৩৫ মিনিটে। ফের পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে বেলা ১টা ৩৫ মিনিটে রওনা দেওয়ার কথা। এই পরীক্ষামূলক সফর সফল হলে ৩০ এপ্রিল হবে দ্বিতীয় পরীক্ষামূলক সফর। তার পরেই হাওড়া-পুরী রুটে এই বন্দে ভারতের সফর সূচি ঘোষণা করবে রেল।
জানা গিয়েছে, হাওড়ার পরে এই রাজ্যে একমাত্র খড়্গপুর স্টেশনেই দাঁড়াবে এই ট্রেন। এদিন খড়্গপুরে পৌঁছতেই উৎসুক যাত্রীরা ভিড় জমান ট্রেনের সামনে। অনেকেই নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই স্মরণীয় মুহূর্তের ছবি। পরীক্ষামূলক এই বন্দে ভারত এদিন চালান সিনিয়র লোকো পাইলট রাজা মুখোপাধ্যায়।

