সাথী দাস, পুরুলিয়া, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগিয়ে সচেতনতার বার্তা দিল পুরুলিয়া। ঝালদার একটি কোচিং সেন্টার ও সমাজ কল্যাণকারী একটি ক্লাব যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শতাধিক ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হল ফলের চারা গাছ। আম, জাম, কাঁঠাল, পেয়ারা প্রভৃতি ফলের চারা দেওয়া হয় তাদের। গাছ লাগানো ও পরিচর্যার জন্য উৎসাহ দিতে পুরস্কারের কথা ঘোষণা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এক বছর পর আজকের দিনে সেরা ৫ জন পরিচর্যাকারীকে পুরস্কৃত করা হবে।

উদ্যোগী অগ্রদূত গ্রুপের কর্ণধার তথা কুটিডি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরূপ কুমার গোপ মন্ডল বলেন, ছাত্রছাত্রীরা সমাজের মেরুদন্ড। তারা বুঝুক ও সমাজকে বোঝাক সবুজের গুরুত্ব ল।
ছাত্র-ছাত্রীদের পক্ষে হেমানি মাহাতো বিশ্বনাথ মাহাতো জানায়, ফলের গাছ পেয়ে তারা খুবই আনন্দিত ও গাছ পরিচর্যার জন্য উৎসাহিত।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগেও বিভিন্ন থানা এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।


