যাত্রী তোলা নিয়ে অটোচালক এবং টোটো চালকদের মধ্যে বচসা, নিয়ন্ত্রণে শান্তিপুর থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ সেপ্টেম্বর: যাত্রী তোলা নিয়ে অটোচালক এবং টোটো চালকদের মধ্যে বচসা। নিয়ন্ত্রণে শান্তিপুর থানার পুলিশ।

জানাগেছে, শান্তিপুরের কালনার ফেরিঘাটে অটো স্ট্যান্ডে বৈধ রুট লাইসেন্স নিয়ে সাধারণ মানুষের যাতায়াতের পরিষেবা দিয়ে আসছে অটো চালকরা। কিন্তু বেশ কিছু অবৈধ টোটো চালক ওই একই স্ট্যান্ডে যাত্রী তোলে, এই অভিযোগে একাধিকবার আরটিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে অটো চালকরা। আজ সকালে শান্তিপুরের কালনা ফেরিঘাটে এসে পৌঁছায় আরটিও অফিসের আধিকারিকরা। এরপর অবৈধ টোটো চালকদের স্ট্যান্ড থেকে সরে যাওয়ার জন্য আবেদন জানান। অভিযোগ, আরটিও অফিসের আধিকারিকরা চলে যাওয়ার পরে অটোচালকদের সাথে টোটো চালকদের বচসা বাধে। বচসার শেষ পর্যন্ত হাতাহাতিতে পরিণত হয়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অটোচালকদের দাবি, তাদের বৈধ রুট পারমিশন নিয়েই তারা স্ট্যান্ড থেকে যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে দীর্ঘদিন। কিন্তু কিছু অবৈধ টোটো চালক একই স্ট্যান্ডে এসে যাত্রী নিয়ে চলে যায় যার কারণে খুবই ক্ষতির মুখে পড়তে হচ্ছে অটোচালকদের। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই খুবই উত্তেজনার সৃষ্টি হয় শান্তিপুরের কালনা ফেরি ঘাটে। পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকার কারণে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *