রাজেন রায়, কলকাতা, ৩০ মার্চ: ব্রিগেড জনসভা হোক অথবা বিধানসভা ভোট, এখনও সিপিএমের ভরসা তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পর বুদ্ধদেব ভট্টাচার্যের কারিশমার ওপর ভিত্তি করে আরও দশ বছর ক্ষমতায় ছিল সিপিএম। তাই বিধানসভা ভোটের আগেও ফের অডিও বার্তা এল প্রকাশ্যে। আসুন দেখে নেওয়া যাক কি বললেন তিনি…
বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি-
বামফ্রন্ট সরকারের সময় থেকেই যে অর্থনৈতিক, রাজনৈতিক ভাবনা আমরা রাজ্যের মানুষকে বলার চেষ্টা করেছি তা হলা কৃষি আমাদের ভিত্ত- শিল্প আমাদের ভবিষ্যত। আমরা সেই পথ ধরেই এগিয়েছি।
কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান সরকারের হাতে গত দশ বছরে সেই কৃষিতে আমরা পিছিয়ে পড়েছি। উল্লেযােগ্য কোনও শিল্প আসেনি গত এক দশকে। নন্দীগ্রাম ও সিঙ্গুরে এখন শশ্মানের নীরবতা। সেসময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দুভাগে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করছে। কর্মসংস্থানের সুযােগ হারিয়েছেন বাংলার যুব সমাজ। সরকারি ক্ষেত্রে কোনও নিয়ােগ নেই। বাংলার মেধা ও কর্মদক্ষতা যা আমাদের সম্পদ – তা আমাদের রাজ্য ছেড়ে ভিনরাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে।
গত এক দশকে পশ্চিমবঙ্গ সবদিক দিয়েই পিছিয়ে পড়ছে। যুবদের কাজের স্বপ্ন চুরমার হয়ে গেছে, শিক্ষাঙ্গন কলুষিত, স্বাস্থ্যপরিষেবা গরিব মানুষের নাগালের বাইরে, তা কার্যত ভেঙে পড়েছে।
দুর্নীতি-তােলাবাজি-সিন্ডিকেটরাজ রাজ্যবাসীর জীবনধারণ দুর্বিষহ করে তুলেছে। মহিলাদের নিরাপত্তা, সম্ভ্রম, আত্মনির্ভরতা সমাজ বিরােধীদের দৌরাত্মে আজ বিপন্ন। স্থানীয় স্তর পর্যন্ত প্রসারিত গণতন্ত্র যা ছিল বামফ্রন্টের সময় উন্নয়নের ভিত্তি তা একেবারে ধ্বংস হয়েছে এই দশ বছরে। সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ পশ্চিমবঙ্গের গর্ব ছিল তাকে বিষাক্ত করে তােলা হয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের স্বৈরতান্ত্রিক দাপাদাপি অন্যদিকে বিজেপির বৃহৎ পুঁজির স্বার্থে সর্বনাশা আর্থিক নীতি, বিভেদের রাজনীতি, সাম্প্রদায়িক মেরুকরণ, যার পেছনে রয়েছে আরএসএসের ভয়ঙ্কর মতাদর্শ। এরই পরিণতি রাজ্যে আজকের এই ধ্বংসচিত্র।
পশ্চিমবঙ্গে সপ্তদশ বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি সদ্ধিক্ষণ। বর্তমান অবস্থার অবসান ঘটাতেই হবে। আজ বাংলার মানুষের ঘুরে দাঁড়ানাের সময় এসেছে। নতুন প্রজন্মের হাজার হাজার যুবক-যুবতী ছােট-মাঝারী-বৃহৎ শিল্প ও কর্মসংস্থানের দাবি নিয়ে পথে নেমেছে। ওরাই পারবে এই বিপদকে রুখে দিতে। বর্তমান পরিস্থিতির অবসান ঘটিয়ে নতুন সরকার তৈরি করে ওরাই পারবে বাংলার হৃত গৌরবকে ফিরয়ে আনতে। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট-কংগ্রেস-
আইএসএফ স্বৈরতন্ত্র ও সাম্প্রদায়িকতা বিরােধী জনগণের মাের্চা (সংযুক্ত মাের্চা) তৈরি করেছে। এরাই পারবে এই অন্ধকার থেকে রাজ্যকে বের করে আনতে। জনগণের স্বার্থে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য তাই এই শক্তিকে বিধানসভা নির্বাচনে জয়ী করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি। পশ্চিমবাংলায় গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, শ্রমিক-কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকার স্বার্থে এই সরকার রাজ্য পরিচালনা করবে। তাই, রাজ্যের সমস্ত আসনে সংযুক্ত মাের্চার প্রার্থীদের জয়যুক্ত করুন।

