বিজেপির বনগাঁ জেলার সাংগঠনিক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ জুলাই: বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব’কে খুনের চেষ্টার অভিযোগ উঠল। মনস্পতিবাবুর দাবি, তাঁকে বুধবার সন্ধ্যায় ক্রেন চাপা দিয়ে খুন করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার পর তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে বনগাঁর তৃণমূল নেতা গোপাল শেঠ।

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেবের অভিযোগ, বুধবার বিকেলে নিজের গাড়ি চেপে গাইঘাটা থেকে বনগাঁ জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন তিনি। যশোর রোডের ৪৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে দ্রুতগতিতে একটি ক্রেন এসে তাঁর গাড়ি লক্ষ্য করে ধাক্কা দেওয়া চেষ্টা করে৷ গাড়ির চালক রাস্তা থেকে গাড়িটি দ্রুত নামিয়ে দেন। বনস্পতিবাবু বলেন, ক্রেনটিকে আমার গাড়িতে ধাক্কা মারার উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল। দুষ্কৃতিরা এই ঘটনা ঘটাতে পারে।

বনগাঁ পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, এটা ওদের দলের কারও কাজ হবে। কারণ দীর্ঘদিন ধরে পদ নিয়ে নিজেদের মধ্যে অশান্তি চলছে, তা অনেকবারই প্রকাশ্যে এসেছে। তাই তৃণমূল এমন কাজ করতে পারে না। গাইঘাটা থানার পুলিশ ক্রেন সহ চালককে আটক করেছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *