আমার গাড়িতে হামলা? নির্বাচন না থাকলে এক এক জনকে দেখে নিতাম হুঙ্কার মমতার

গোপাল আরামবাগ, আমাদের ভারত, ৩১ মার্চ: নির্বাচন না থাকলে তাঁর গাড়িতে হামলা করার জন্য তিনি দেখিয়ে দিতেন বলে হুংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আরামবাগে এই কথা বলেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপির বহিরাগতরা টাকার ব্যাগ নিয়ে বসে আছে। সেই টাকা যারা কেড়ে নিতে পারবে এবং তাদের ধরিয়ে দিতে পারবে তাদের তিনি পুরস্কৃত করবেন।

গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের সমর্থনে কামারপুকুর শিবপুর মাঠে এক জনসভায় এসে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি বলেন, “বাংলা থেকে বিজেপিকে এমন বোল্ড আউট করুন যাতে বাংলায় তারা বাইরের গুন্ডা এনে চমকাতে না পারে, ধমকাতে না পারে। আরামবাগের রিসর্টে বসে আছে বহিরাগতর গুণ্ডারা। টাকার ব্যাগ নিয়ে বসে আছে। টাকার ব্যাগ কেড়ে নাও। টাকার ব্যাগ যারা কাড়বে, আর যারা ধরিয়ে দেবে আমি তাদের পুরস্কৃত করব।

বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা ভোটের প্রচারে আসায় তিনি বলেন, মমতা ব্যানার্জির সাথে একা লড়তে পারে না। বাইরে থেকে এক হাজার নেতা নিয়ে এসেছে। তারা নেতা নয় ন্যাতা। এমনকি তিনি মোদী, অমিত শাহ নাম না করে বলেন এরা বাংলা কে ঘেন্না করে, এরা আবার বলে বঙ্গাল কো সুনার বাংলা বনাবো। এরা ঠিক মত বাংলা উচ্চারণ করতে পারে না। তারা আবার সোনার বাংলা গড়বে।

নন্দীগ্রামে তাঁর গাড়ি ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেন, কিছু কিছু লোক আছে তাদের বেশি ভালোবেসে ফেলেছি না হলে গদ্দারদের এতো সাহস? খাইয়ে পরিয়ে মানুষ করেছি দুধ কলা দিয়ে সাপ পুষেছি , কাল সাপ পুষেছি, কেউটে সাপ পুষেছি, গোখরো সাপ পুষেছি। বলরামপুরে আমার এক কর্মী কে মেরেছে। আমার গাড়িতে হামলা করছে এতো বড় সাহস? ইলেকশন বলে চেপে যাচ্ছি, না হলে দেখে নিতাম এক একটার কত বড় চেহারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *