মন্দিরের ৫ কিমির মধ্যে গোমাংস বিক্রি নিষিদ্ধ, কেনাবেচা বন্ধ হিন্দু শিখ জৈন এলাকাতেও, নয়া বিল অসম বিধানসভায়

আমাদের ভারত, ১৩ জুলাই:মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি করা যাবে না। এছাড়াও হিন্দু, শিখ, জৈন সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে গোমাংস কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করতে নয়া বিল পেশ হল অসম বিধানসভায়।

সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিনেই বহুচর্চিত গবাদিপশু সংরক্ষণ বিল পেশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিজেপি শাসিত অন্য রাজ্যগুলির মত এই রাজ্যও গরু বাঁচাতে এবং সংরক্ষণ করার লক্ষ্যে এই আইন আনার তোড়জোড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আইন নিয়ে আসা হচ্ছে তাতে প্রশাসনের অনুমতি ছাড়া গবাদিপশু জবাই করা, খাওয়া এবং গো পরিবহন নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আইনি বিধান রাখা হয়েছে। যদি কেউ এই আইন না মানে তাহলে আইন অমান্যকারীর আট বছর পর্যন্ত জেল এবং তিন লক্ষ টাকা জরিমানা হবে। যদি এই একই অপরাধ দ্বিতীয় বার কেউ করেন তাহলে তার জরিমানা দ্বিগুণ হয়ে যাবে। এই আইনছ লাগু হলে বাংলাদেশে গরু পাচার কমবে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

সরকার বলেছে, গবাদিপশুর জবাই করা, খাওয়া এবং বে-আইনিভাবে পাচার রুখতে এই অসম ক্যাটল প্রিজারভেশন বিল ২০২১ আনা হয়েছে। ১৯৫০ সালে পাশ হওয়া আইনে অনেক ভুল-ভ্রান্তি রয়েছে সেগুলো এখানে দূর করা হয়েছে। ১৯৫০ সালের আইনে বলা হয়েছিল ১৪ বছরের বেশি বয়সী বা কাজে অপারগ গবাদিপশু একমাত্র অসমে জবাই করা যাবে। তার জন্য স্থানীয় ভেটেনারি অফিসারদের অনুমোদন লাগবে। নতুন বিলেও সেই নিয়ম রয়েছে তবে তা আরও কড়া করে বলা হয়েছে, বয়স না হলে জবাই করা যাবে না। নতুন বিলের আওতায় শুধু গরু নয়, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, ষাঁড়কেও আনা হয়েছে। অনুমোদন ছাড়া অসম থেকে গোমাংস অন্য রাজ্যে নিয়ে যাওয়া যাবে না। এমনকি অসমের মধ্যে দিয়ে গোমাংস নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *