রাস্তা অবরোধ করে উৎসাহ প্রতীকি ভাতার কাগজ পুড়িয়ে বঞ্চনার প্রতিবাদ পুরুলিয়ার আশা কর্মীদের

সাথী দাস, পুরুলিয়া, ৩ ডিসেম্বর: সমকাজে সমবেতন, স্বাস্থ্য কর্মীর মর্যাদা, বেতন পরিকাঠামোর উন্নতি, পাঁচ মাসের বকেয়া উৎসাহ ভাতার দাবি সহ মোট ছয় দফা দাবিতে রাস্তা অবরোধ করে জেলা মুখ্য স্বাস্থ্য অফিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন পুরুলিয়ার সংগঠিত আশা কর্মীরা। উৎসাহ ভাতার প্রতীকি কাগজ পুড়িয়ে বঞ্চনার প্রতিবাদ জানান তাঁরা। পরে নিজেদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে দেন আন্দোলনকারী সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বরা।

আন্দোলনরত আশা কর্মীদের দাবি, করোনা মহামারীতে যখন সাধারণ মানুষ বাড়িতে নিরাপদে ছিলেন সেই সময় আশা কর্মীরা স্বাস্থ্য কর্মীদের মত পথে নেমে পরিষেবা দিয়েছেন। অথচ তাঁদের ন্যায্য উৎসাহ ভাতা গত পাঁচ মাস থেকে বকেয়া রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য কর্মীদের মত সব কাজ কর্ম করলেও তাঁদের স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সংগঠনের পুরুলিয়া শাখার সভানেত্রী অর্চনা খাঁ। তিনি একই সঙ্গে সমকাজে সম বেতনের দাবি সহ মাসে ভাতা নয়, ২১ হাজার টাকা করে বেতন দেওয়ার দাবি জানান। তা ছাড়া সরকারি সুযোগ সুবিধা সহ প্রভিডেন্ট ফান্ড, পেনশনের ব্যবস্থার দাবি করেন তিনি। প্রসঙ্গত পুরুলিয়া জেলায় মোট ১৬৫৩ জন আশাকর্মী রয়েছেন।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অনিল দত্ত এই বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এছাড়া অন্যান্য বাকি দাবি দাওয়া তিনি স্বাস্থ্য ভবনে বিবেচনার জন্য পাঠাবেন।

এদিকে দাবি মানা না হলে ৭ জানুয়ারি কলকাতার ধর্মতলায় রাজ্য স্তরের সমাবেশ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন অর্চনা খাঁ।

এদিন আশাকর্মীদের এই বিক্ষোভ ও জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় পুরুলিয়া রাঁচি রোডে। সমস্যায় পড়েন নিত্য যাত্রী সহ পথচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *