এইমসে চিকিৎসা শুরু হওয়ায় কল্যাণীর গয়েশপুরে চালু হল পুলিশ ফাঁড়ি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ সেপ্টেম্বর:
এইমসে চিকিৎসা শুরু হওয়ায় কল্যাণীর গয়েশপুরে পুলিশ ফাঁড়ি চালু হলো। আজ রানাঘাট জেলা পুলিশ সুপার সায়ক দাস এই পুলিশ ফাঁড়ি চালু করেন। আগামী দিনে এই ফাঁড়িকে থানায় উন্নিত করার প্রস্তাবও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গয়েশপুরের এই অঞ্চলে তৈরি হয়েছে এইমস। সম্প্রতি সেখানে চিকিৎসাও চালু হয়ে গেছে। ধীরে ধীরে রোগীরা আসতে শুরু করেছে। সেই কারণেই আজকে ফাঁড়ির উদ্বোধন করলেন রানাঘাট জেলা পুলিশ সুপার। যদিও এই ফাঁড়িটি আগেই ছিল কিন্তু সেটি বন্ধ ছিল। সেই বন্ধ ফাঁড়িই আজকে আবার চালু করা হলো।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গয়েশপুরে একটা রাজনৈতিক অস্থিরতা আছে। ভোটের পর একের পর এক বোমা বাজি গুলি এবং ব্যক্তিগত আক্রোশে সংঘর্ষ হয়েছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই যাতে আগামী দিনে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এইমসের রোগীদের সঙ্গে না ঘটে সে কারণেই প্রশাসনের এই উদ্যোগ।

রানাঘাট পুলিশ সুপার সায়ক দাস জানান, গয়েশপুর ফাঁড়িকে থানাতে উন্নত করার প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। তাছাড়া, রোগীদের সুরক্ষায় আগামী দিনে এইমসের ভেতরেও থানা বা ফাঁড়ি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া এই এলাকাকে সিসিটিভির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *