শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি হচ্ছেন অরুণ ঘোষ

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৫ জুলাই: দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করেছে তৃণমূল৷ এবার বোর্ড গঠনের পালা। তাই বৃহস্পতিবার সভাধিপতি ও সহকারী সভাধিপতির নাম ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস।

গতকাল তিনি বৈঠক করে সভাধিপতি হিসেবে অরুণ ঘোষ ও সহকারী সভাধিপতি হিসেবে অভিনেত্রী রোমা রেশমি এক্কার নাম ঘোষণা করেন। পাশাপাশি মহকুমা পরিষদের দলনেতা হিসেবে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়কে বেছে নেওয়া হয়েছে।

শিলিগুড়ি পুরনিগম জয়ের পর একইভাবে মহকুমা পরিষদেও বিপুল জয় পায় তৃণমূল। মহকুমা পরিষদের ৯টি আসনের মধ্যে ৮টিতেই জয় পেয়েছে তারা। তারপর থেকেই সভাধিপতি কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়। কারণ অভিজ্ঞতার দিকে এগিয়েছিলেন একদা বিরোধী দলনেতা আইনুল হক সহ জ্যোতি তির্কি। কিন্তু তৃণমূল নতুন মুখের ওপরেই ভরসা রাখল। নক্সালবাড়ির ওষুধের ব্যবসায়ী অরুণ ঘোষকে করা হলো সভাধিপতি।

২০০৮সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এর আগে পঞ্চায়েত সমিতি নির্বাচনে জিতেছিলেন। এবছর তিনি মহকুমা পরিষদের প্রার্থী হয়েছিলেন বামেদের হেভিওয়েট প্রার্থী গৌতম ঘোষের বিরুদ্ধে। তাকে প্রায় ১১হাজার ভোটে হারিয়েই জয় পায় অরুণ। এবার তিনি সভাধিপতি হয়ে ইতিহাস গড়লেন। কারণ ৩৩বছর পর বামেদের সরিয়ে মহকুমা পরিষদের দখল নেয় তৃণমূল। আর প্রথমবার অরুণ ঘোষ হলেন সভাধিপতি। পরে তিনি বলেন, “দল এত বড় দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। গ্রামীণ এলাকায় প্রচুর কাজ করার আছে। পানীয় জলের সমস্যা সমাধানের পাশাপাশি মার্কেটগুলোর উন্নয়নেও জোর দেওয়া হবে। সকলকে নিয়ে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”

গতকাল সকালে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির মৈনাক হোটেলে জেলা নেতৃত্ব সহ কাউন্সিলর, মহকুমা পরিষদের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী অরুপ বিশ্বাস। দীর্ঘক্ষণ বৈঠক করার পর তিনি নাম ঘোষণা করেন। রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানেই এই তালিকা তৈরি করা হয়। দ্রুত বিজ্ঞপ্তি জারি করে এমাসেই শপথগ্রহণ করানো হবে। আর পঞ্চায়েত সমিতি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নাম পরে ঘোষণা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *