সরস্বতী নদীতে প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত সমস্যা নিয়ে আশঙ্কা

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৪ নভেম্বর: সরস্বতী নদীতে প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত সমস্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করল পরিবেশ আকাদেমি।

সংগঠনের সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায় এবং সম্পাদক শংকর কুশারী শুক্রবার এই প্রতিবেদককে জানান, “প্রতিমা নিরঞ্জনের পর জলাশয় থেকে কাঠামো তুলে নেবার বিষয়ে আদালতের সুস্পষ্ট নির্দেশ আছে। কলকাতার বিগত দুর্গাপূজার সময়ে এই নির্দেশ মোটামুটি সন্তোষজনকভাবেই পালন করা হয়েছে। একইভাবে অন্য আরও কয়েকটি জেলায় এবং চন্দননগরে সদ্য সমাপ্ত জগদ্ধাত্রী পুজোর পরও স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে উদ্যোগী হতে দেখা গেছে। এই কারণে আমরা সাধুবাদ জানাই একইসাথে সকল পুজো কমিটি এবং প্রশাসনকে।

কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এর ঠিক বিপরীত একটি চিত্র দেখা গেলো চন্দননগর সংলগ্ন এলাকা দিয়ে বয়ে চলা সরস্বতী নদীর ক্ষেত্রে। দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং কালীপূজার পর এই নদী সংলগ্ন এলাকার যে সকল প্রতিমা এই বহতা নদীতে বিসর্জিত হয়েছে সেগুলি এখনও পর্যন্ত নদীগর্ভেই পড়ে রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনরকমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। কাঠামো তুলে নেওয়ার এই নির্দেশিকা জারি করার পিছনে একটিই উদ্দেশ্য আছে এবং তা হল নদীর জলকে দূষণের হাত থেকে রক্ষা করা। প্রতিমা নিরঞ্জনের পর প্রতিটি জলাশয়ের ক্ষেত্রেই এই নির্দেশিকা তাই একইরকমভাবে গুরুত্বপূর্ণ এবং জরুরি।

স্থানীয় পঞ্চায়েত অথবা পৌরসভার দায়িত্বের মধ্যেই পড়ে এই নির্দেশিকা যাতে যথাযথভাবে পালিত হয় সেদিকে লক্ষ্য রাখা। নিরঞ্জন পরবর্তী সরস্বতী নদীর বর্তমান অবস্থাটি আমরা প্রশাসনের গোচরে আনলাম। আমরা আশা করি অবিলম্বে এই নদীর বুকে এখনও নিমজ্জিত কাঠামো ইত্যাদি তুলে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

একইসঙ্গে সকল সংবেদনশীল ব্যক্তি এবং সংস্থার কাছে আমাদের আবেদন, আসুন আমরা সকলে মিলে এই ঐতিহ্যপূর্ণ সরস্বতী নদীকে যাবতীয় দূষণের কবল থেকে রক্ষা করে তার প্রবাহমানতাকে যে কোন মূল্যে ফিরিয়ে আনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *