পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: আজ “বিশ্ব আত্মহত্যা বিরোধী” দিবস। বিকেলে মেদিনীপুর শহরে কোতোয়ালি থানার পুলিশের উদ্যোগে, আত্মহত্যা বিরোধী সচেতনতামূলক প্রচার কর্মসূচিতে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এই পদযাত্রায় জেলা পুলিশের উপ আরক্ষাধ্যক্ষ সব্যসাচী চক্রবর্তী, পথচারী, পুলিশকর্মী ও রাস্তার পাশের হকারভাইদের কাছে, কারোর মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করলে কি করা উচিত, তা ব্যখ্যা করেন। পাশাপাশি কোতোয়ালি থানার পুলিশ আত্মহত্যা করতে যাওয়া মানুষের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বরের সূচনা করেছে, তার সম্পর্কে প্রচার ঐ হেল্প লাইন থেকে সহায়তা নেওয়ারও আবেদন জানান।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও নারায়ণগড় থানার উদ্যোগে পালিত হল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। “আত্মহত্যা থেকে বিরত থাকুন সহযোগিতার হাত বাড়ান”, এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগড় থানা এলাকা থেকে নারায়ণগড় বাজার পর্যন্ত একটি সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পা মেলান থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান সহ অন্যান্য আধিকারিক, সিভিক ও পুলিশ কর্মীরা। উক্ত মিছিল থেকে মানুষকে আত্মহত্যা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এদিন।

