আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: কলকাতা পুরভোট নিয়ে হাইকোর্টে আরো একটি জনস্বার্থ মামলা হল। মামলাকারি প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা বসানো এবং বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছে দেবার আবেদন জানিয়েছেন। এই জনস্বার্থ মামলাটি করেছেন সমাজসেবী দেবদত্ত মাজি।
রাজ্যের সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবি জানিয়ে মামলা করেছে বিজেপি। এবার আরো একটি জনস্বার্থ মামলা হল হাইকোর্টে। মামলাকারী সমাজসেবী দেবব্রত মাজির বক্তব্য, গত বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিলেন। তিনি জানিয়েছেন, গত শুক্রবার তাঁরা জনস্বার্থ মামলাটি করেছিলেন, আজ সেটি গৃহীত হয়েছে। আবেদনকারী জানান, নির্বাচন কমিশন কিছু বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের দাবী, প্রত্যেকটি বুথে সিসিটিভি বসাতে হবে। কারণ হিসেবে তিনি বলেন, গত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছিল এবং ভোট কারচুপি হয়েছিল। এইসব বন্ধ করার জন্য প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, এছাড়া বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন দেবদত্তবাবু। তাঁর দাবি, প্রত্যেক বাড়িতেই নির্বাচন কমিশনকে তাদের দায়িত্বে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। এখনো বিজেপি কর্মীরা সেই সন্ত্রাস মুক্ত হতে পারেননি। তাই বিজেপি কর্মীদের পক্ষে প্রত্যেকের বাড়িতে ভোটার স্লিপ পৌছে দেওয়া সম্ভব হবে না। আর ভোটার স্লিপ পৌঁছে না দিলে ভোটাররা জানতে পারবেন না তিনি কোনও পার্ট এবং কোন বুথের ভোটার। তাই তারা ভোট দিতে যেতে পারবেন না। এক্ষেত্র শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বিজেপি সমর্থকদের বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেবে না, যাতে তারা ভোট দিতে না পারে। তাই নির্বাচন কমিশনের উচিত প্রত্যেকের বাড়িতে এই ভোটার স্লিপ পৌঁছে দেওয়া। দেবদত্তবাবু জানিয়েছেন, আগামীকাল সোমবার এই মামলার শুনানি হবে।

