স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ জুন:
ভোটের ফল প্রকাশের পর থেকেই জায়গায় জায়গায় একের পর এক পঞ্চায়েত হারাচ্ছে বিজেপি। আর অন্যদিকে সেই পঞ্চায়েত গুলি দখলে আসছে তৃণমূলের। এবার নবদ্বীপের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের দখলে নিতে চলছে তৃণমূল কংগ্রেস।
গত পঞ্চায়েত নির্বাচনের পর নবদ্বীপের মাঝদিয়া পঞ্চায়েতে তৃণমূলের সদস্য ছিল ৯ জন, বিজেপির ছিল ৬ জন, সিপিএমের ২ জন এবং নির্দলের ছিল ২ জন। পরে বিজেপি, সিপিএম এবং নির্দল মিলে ঐ পঞ্চায়েতের বোর্ড গঠন করেন।

আজ ঐ পঞ্চায়েতে উপপ্রধান মদন মোহন দফাদার নিজে ঐ বোর্ড ভাঙার জন্য বিডিওর কাছে আবেদন করেন এবং সেই আবেদনে তৃণমূলের সদস্য সহ ১০ জন সই করেন। ঐ পঞ্চায়েতের উপপ্রধান মদন মোহন বাবু বলেন, আমাকে ভোট দিয়ে মানুষ কাজ করার জন্য পাঠিয়েছেন কিন্তু আমি সেখানে কাজ করতে পারছি না তাই আমি আজ অনাস্থা আনলাম।

