বাগনানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনায় পুলিশের জালে আরও এক

আমাদের ভারত, হাওড়া, ২ জুলাই: বাগনানের নাউপালা এলাকায় থাকা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে আরোও এক তেল চুরি চক্রের পান্ডাকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃতের নাম আব্দুল রামিজ। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তেল চুরির তদন্তে নেমে পুলিশ এখনও পযন্ত ৭ জনকে গ্রেফতার করল।

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পাইপ লাইন থেকে তেল চুরির ঘটনার তদন্তে নেমে গত ২৬ জুন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে সুমন বন্দ্যোপাধ্যায় ও কুসুম প্রধান এবং পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে রঞ্জন বাকুলীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এরপর ২৭ জুন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে তেলের ট্যাঙ্কারের চালক সেখ সাবিরকে গ্রেফতার করে। পরে ২৯ জুন বাগনান থানার ভিলেজ পুলিশ মঙ্গল ভৌমিককে গ্রেফতার করে। এরপর বুধবার কলকাতার রবীন্দ্রনগর থেকে অজয় সিং’কে গ্রেফতার করে। বর্তমানে এরা সবাই পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *