পশ্চিম মেদিনীপুরে বন্যা দুর্গতদের উদ্ধার কাজে নামানো হয়েছে এনডিআরএফ টিম

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরে বন্যা দুর্গতদের উদ্ধার কাজে নামানো হয়েছে এনডিআরএফ টিম। এই টিম কাজ করছে ঘাটাল, দাসপুর, বেলদা এবং নারায়ণগড় ব্লকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বেলদা থানার মান্দার এবং হরিপুর অঞ্চলে বন্যা কবলিত এলাকায় এনডিআরএফের টিম পাঠানো হয়েছে।

নারায়ণগড় ব্লকের বিডিও জানান, এই সকল অঞ্চলে প্রায় দু’শ মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। তাদের উদ্ধারের জন্য এনডিআরএফের টিম এসে পৌঁছেছে। চারটি বোটে বাইশ জন এনডিআরএফ সদস্য  উদ্ধারকার্যে নেমেছেন।কিছু মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অনেককেই উদ্ধার করে স্থানীয় আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।  প্রবল বৃষ্টিপাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি ভেঙ্গেছে, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।


 
বৃহস্পতিবার নারায়ণগড়ে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন জেলাশাসক রশ্মি কমল। দুপুর নাগাদ তিনি বন্যা কবলিতদের মধ্যে শুকনো খাবার, বস্ত্র ইত্যাদি সামগ্রী বিলি করেন। গতকাল বন্যায় নারায়ণগড়ের এক বাসিন্দার মৃত্যু হয়। এদিন মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী এবং বস্ত্র তুলে দেন। নারায়ণগড় ব্লক অফিসে গিয়ে বন্যার ক্ষয়ক্ষতির তথ্য নেন।  এরপর বোটে করে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *