তৃণমূলের পার্টি অফিসের মধ্যে ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ, কেশপুরে ভেস্তে গেল গুরুত্বপূর্ণ বৈঠক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল কেশপুরে। পার্টি অফিসের মধ্যে ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভের জেরে ভেস্তে গেল দলের গুরুত্বপূর্ণ বৈঠক।

সোমবার দুপুরে কেশপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে চার অঞ্চল সভাপতি ঘোষণার জন্য বৈঠক ডাকে ব্লক তৃণমূল নেতৃত্ব। সেখানে বৈঠক শুরুর আগেই বাধে বিপত্তি। ব্লক সভাপতিকে ঘিরে ধরে পার্টি অফিসের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করে দলের নিচু তলার কর্মীরা। আর যাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতির কথা আঁচ করে সকাল থেকেই কেশপুর পার্টি অফিসের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পার্টি অফিসের বিক্ষোভ একসময় এতটাই চরমে ওঠে যে বাধ্য হয়ে সেই বৈঠক বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক তৃণমূল নেতৃত্ব।

এদিনের বৈঠকে যোগ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজা, কেশপুরের তৃণমূল নেতা মহম্মদ রফিক, যুব তৃণমূল সভাপতি আসিফ ইকবাল এবং ব্লকের সহ-সভাপতিরা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বারবার শাসক শিবিরের গোষ্ঠী কোন্দলে শিরোনামে উঠে এসেছে কেশপুরের নাম। মন্ত্রী শিউলি সাহার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছে দলের নিচু তলার কর্মীদের। এরপর কোন্দল মেটানোর বার্তা দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু নেতৃত্বের কড়া বার্তার পরেও কোন্দল যে সামাল দেওয়া গেল না সেই ছবি আরো একবার স্পষ্ট হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *