আমাদের ভারত, ২ এপ্রিল: চতুর্থ দফায় ভোট হবে উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামী ১০ এপ্রিল ১৪টি আসনে ভোট হবে। তার আগে আজ উত্তরবঙ্গে দু-দুটি সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম সভা করেন কোচবিহারে, অন্যটি করেন আলিপুরদুয়ারে। এই জনসভা থেকে তিনি দাবি করলেন দুই দফার নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৫০টিতেই জিতছে বিজেপি। একই সঙ্গে তাঁর আরও দাবি নন্দীগ্রামে দিদি হারছেন, তাও স্পষ্ট হয়ে গেছে।
অমিত শাহ বলেছেন, “দিদি আপনার যাওয়ার সময় হয়ে গেছে, দিদি নন্দীগ্রাম থেকে হারছেন। দু’দফার ৬০ আসনের মধ্যে ৫০ আসনে বিজেপি জিতে গিয়েছে।” তিনি বলেন, দিদি থ্রি–টি মডেলে সরকার চালাচ্ছেন। এই তিনটি হলো তানাশাহি, তোলাবাজি, তুষ্টিকরণ। আর মোদীজি থ্রি–ভি মডেলে দেশ চালাচ্ছেন। এই থ্রি ভি হলো বিকাশ, বিশ্বাস, ব্যাপার বা ব্যবসা। এই তিন ভিয়ের ওপর ভিত্তি করেই বাংলাতেও আমরা কাজ করব বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেছেন, বিএসএফের সঙ্গে বসে আলোচনা করে অনুপ্রবেশকারীদের ঢোকা বন্ধ করে দেবেন তারা। ২মের পর কাটমানি, সিন্ডিকেটের রাজ বন্ধ হবে। তিনি তুলনা টেনে বলেন, দিদি শুধু ভাইপোর কথাই ভাবেন, ওর কল্যাণে চিন্তায় করেন। আপনাদের কথা চিন্তা করেন না। কিন্তু মোদীজি উত্তরবঙ্গের উন্নয়ন করবেন।
অমিত শাহ তাদের ইস্তেহারে প্রকাশিত প্রতিশ্রুতিগুলিও তুলে ধরেন। তিনি বলেন ২ মের পর মহিলারা সরকারি যানবাহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। ১০ হাজার কোটি টাকা খরচ করে কাদম্বিনী গাঙ্গুলী স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হবে। এইমস তৈরি হবে কোচবিহারে। এছাড়াও কোচবিহারের রাসমেলাকে ৫০০ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। উত্তরবঙ্গে চা-পার্ক বানানো হবে। শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সঙ্গে সবসময় অন্যায় করেছেন। এইজন্যই দিদি আপনাদের ভয় পায়। কলকাতা থেকে ৭০০কিলোমিটার দূর উত্তরবঙ্গ, কিন্তু দিদির হৃদয়ের দূরত্ব ৭ হাজার কিলোমিটার। বিজেপি সরকার এলে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে উত্তরবঙ্গকে।

