সৌজন্য সাক্ষাত নাকি নয়া জল্পনা ? সুকান্ত, শুভেন্দু, মালব্য, স্বপনকে নিয়ে সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহ

আমাদের ভারত, ৬ মে: শুভেন্দু, সুকান্ত সহ বঙ্গ বিজেপির একাধিক নেতাকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাতেই নয়া জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। এই শাহী নৈশভোজকে কটাক্ষ করেছে তৃণমূল।

দুদিনের সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় পা দিয়েই সূচি বদলে চমকে দিয়েছিলেন। তারপর জানিয়েছিলেন শুক্রবার সৌরভ গাঙ্গুলীর বাড়িতে গিয়ে দেখা করবেন ও সেখানেই নৈশ ভোজ সারবেন। ভিক্টোরিয়ায় কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রকের অনুষ্ঠানের শেষে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বাড়িতে যান তিনি। আর নিজের সঙ্গে নিয়ে গেলেন বঙ্গ বিজেপির বেশ কয়েকজন নেতাকে।

অমিত শাহ বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বঙ্গ বিজেপি-র অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য, সাংসদ স্বপন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে যান। আজ সৌরভ গাঙ্গুলিকে অমিত শাহের সাথে একই সোফায় বসতে দেখা যায়। তারপর একই টেবিলে নৈশভোজ পারেন শাহ ও সৌরভ। মহারাজের দাদাও উপস্থিত ছিলেন নৈশভোজে। শাহী আয়োজন হয়েছিল নৈশভোজে। কিন্তু এই নৈশভোজের মাধ্যমেই কী রাজনীতিতে সৌরভের অভিষেক হতে চলেছে? তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও সৌরভ বলেছেন, ২০০৮ সাল থেকে অমিত শাহের সঙ্গে তার পরিচয়, অমিত শাহের ছেলের সঙ্গে একসঙ্গে তিনি কাজ করছেন তাই এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ।

জানা গেছে, সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহের মেনুতে ছিল একাধিক নিরামিষ পদ। ভাত-রুটির সঙ্গে ছিল ধোকার ডালনা ও নানা ধরনের তরিতরকারি। ছিল দই, মিষ্টি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইভাবে একাধিক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে সৌরভের বাড়ি যাওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি তরফে অবশ্য জানানো হয়েছে, এর আগেও রাজ্যে এসে বিশিষ্ট মানুষের বাড়িতে গিয়েছেন এবং মধ্যাহ্নভোজ করেছেন শাহ। সৌরভ গাঙ্গুলীর বাড়িতে নৈশভোজে তেমনই এক সৌজন্য সাক্ষাৎ।

তবে সৌরভ এবং অমিত শাহ যতই বলুক এটা সৌজন্য, রাজনৈতিক মহলের একটা বড় অংশ এতে অন্য গন্ধ পেয়েছেন। বিশেষ করে অমিত শাহের সঙ্গে বিজেপির একাধিক নেতৃত্বের সৌরভের বাড়িতে উপস্থিতি এবং নৈশভোজে অংশ নেওয়া মে বাংলার দাদার রাজনীতিতে অভিষেকের জল্পনা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *