আদিবাসীদের জন্য ঢালাও প্রতিশ্রুতি শাহের

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫ মার্চ: ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের আদিবাসীদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের রগড়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি ঝাড়গ্রাম জেলার চার বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখছিলেন। জনসভা থেকে তিনি বলেন, রাজ্যে উন্নয়ন থমকে গিয়েছে তৃণমূল সরকারের জন্য। কেন্দ্র সরকার যে সমস্ত উন্নয়নের টাকা রাজ্যে পাঠাচ্ছে তা নয় ছয় করা হচ্ছে। কৃষকদের জন্য বছরে ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছিল, সেই টাকা বাংলার কৃষকরা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের তিয়াত্তর লক্ষ কৃষককে বঞ্চিত করেছে। দশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল আমফান ক্ষতিগ্রস্তদের জন্য। কিন্তু সেই টাকা ক্ষতিগ্রস্তরা পাননি। সেই টাকা কোথায় গেল তার কোনও হিসাব নেই। রাজ্যের সমস্ত ক্ষেত্রে এভাবেই ভ্রষ্টাচার চলেছে। তাই মোদীজির নেতৃত্বে এই রাজ্যে বিজেপি সরকার আপনাদের গঠন করতে হবে। জঙ্গলমহলের মানুষের অনেক অভাব অভিযোগ রয়েছে। তাদের চাকরি নেই, আয় উপায় নেই। বিজেপি সরকার তাদের চাকরির ব্যবস্থা এবং রোজগারের ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব মানুষদের জন্য যে বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে তার নাম পাল্টে বাংলা আবাস যোজনা করা হয়েছে এবং সেখানেও অন্যান্য কাজ করে দেওয়ার ক্ষেত্রে দিদির ভাইরা যেভাবে কাটমানি নেয় সেই ভাবেই কাটমানি নেওয়া হয়েছে।

অমিত শাহ বলেন, গোপীবল্লভপুরের কৃষকদের উন্নয়নের জন্য সুবর্ণরেখা নদীতে একটি বাঁধ তৈরি করা হবে। সমগ্র এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি বলেন, আদিবাসীদের কল্যাণে উদ্যোগ নেবে বিজেপি সরকার। আদিবাসীদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ার ক্ষেত্রে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সরকারি সাহায্য পাবে। তাদের কোনও ফি লাগবে না। এছাড়াও জঙ্গলমহলের আদিবাসী মহিলারা বিনা পয়সায় বাসে ট্রামে যাতায়াত করতে পারবেন। অমিত শাহ বলেন, দিদি এতদিন এরাজ্যে গরিব মানুষদের কিংবা আদিবাসীদের কল্যাণ করেননি। তিনি এতদিন তার ভাইপোর কল্যাণ করেছেন। বিজেপি সরকার আদিবাসীদের কল্যাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিদি বলছেন খেলা হবে। খেলা তো বাচ্চারা খেলে। তারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে। হ্যাঁ ভোটাররাও এবার খেলবে ইভিএম মেশিনে। সঠিক জায়গায় আপনারা এবার নির্ভয়ে বোতাম টিপে ভোট দেবেন। এবার আর কেউ আপনাদের বাধা দিতে পারবে না। কোনও অবস্থাতেই ভোট লুট হবে না। আপনারা নিশ্চিন্তে ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে নিশ্চিন্তে ফিরে আসবেন। আপনাদের কাছে আবেদন এবার জয়যুক্ত করবেন বিজেপি প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *