আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ ফেব্রুয়ারি: ফের শহরে সক্রিয় হয়ে উঠেছে সাইবার ক্রাইমের পান্ডারা। এবার আরো এক অভিনব পদ্ধতিতে শুরু হয়েছে সাইবার ক্রাইম করা।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তরুণীর ছবি বিকৃত করে আপলোড করে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি ওই তরুণীকে ব্লাকমেইল করারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে ভুগছেন ওই তরুণী। পাশাপাশি ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ওই তরুণী ব্যারাকপুরের বাসিন্দা। ব্যারাকপুর আনন্দপুরী এ রোডের বাসিন্দা ওই তরুণী এক বেসরকারি দপ্তরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ কর্মরত। তরুণীর অভিযোগ, তাঁর ফোনে প্রথমে একটি লিঙ্ক এসেছিল। গত জানুয়ারি মাসের ১ তারিখ একটি অচেনা নাম্বার দিয়ে তার কাছে একটি লিঙ্ক আসে ভুলবশত হাত পড়ে গেলে লিঙ্কটি ওপেন হয়ে যায়। তিনি সেটিতে ক্লিক করতেই তাঁকে বলা হয় যে, তিনি প্রচুর ঋণ নিয়েছেন। তাঁকে এখনই সেটা মেটাতে হবে। প্রথমে সেই হুমকিতে পাত্তা দেননি ওই তরুণী। তারপর এক অচেনা নাম্বার দিয়ে তাকে ফোন করা হয় এবং লোনের বিষয় জানিয়ে লোন ফেরত দেওয়ার কথা বলে হুমকি দেওয়া হয়। এরপর তরুণী এই লোনের ব্যাপারে অস্বীকার করলে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। এরপর মেয়েটির ফোনে থাকা তার পরিচিতদের নাম্বারেও ফোন করে ওই নাম্বার থেকে টাকা ফেরত দেওয়ার কথা বলে হুমকি দেওয়া হয়। তারপর মেয়েটির ফোনে আরো একটি নাম্বার থেকে মেয়েটির ছবি দেওয়া একটি লিঙ্ক আসে।
তরুণীর অভিযোগ, এরপরই তাঁকে পাল্টা হুমকি দেওয়া হয় যে টাকা না দিলে ওই লিঙ্কে থাকা তাঁর ছবি বিকৃত করে পর্ণ ফুটেজ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। প্রথমে ওই তরুণী টিটাগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু তারপর কোনো লাভ না হওয়ায় পরে তার এক পরিচিতর মাধ্যমে ব্যারাকপুর সাইবার ক্রাইমের দপ্তরে অভিযোগ জানান। এই ঘটনায় ওই তরুণী যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। তার দাবি, পুলিশ দ্রুত এর একটা ব্যবস্থা করুন। ইতি মধ্যেই ব্যারাকপুর সাইবার ক্রাইম থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

