স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মার্চ:
প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য। নদিয়ার হাঁসখালি থানা এলাকার গাড়াপোতার ঘটনা।
জানাগেছে, হাঁসখালি থানার গাড়াপোতা এলাকার এক কিশোরী মেয়েকে প্রলোভন দেখিয়ে বিগত দুই বছর ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সৌমেন সরকার নামে এক যুবক। অভিযোগ সৌমেন তাকে ধর্ষণ করার পর তার ছবি তুলে রাখে। এরপর ঐ কিশোরীকে প্রতিনিয়ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অনলাইনে ধর্ষণের ছবি ছেড়ে দেবার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে দু’বছর ধরে চলে মানসিক ও শারীরিক নির্যাতন। গত ২৭ মার্চ ঐ কিশোরী যখন বাড়ি থেকে রাস্তায় বেরোয় তখন সৌমেন তাকে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। কিশোরীর চিৎকারে লোক জড়ো হয়ে গেলে পালিয়ে যায় অভিযুক্ত সৌমেন।

এরপর ঘটনার বিবরণ জানিয়ে কিশোরীর বাবা হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে হাঁসখালি থানার বেনালীর বাসিন্দা সৌমেনকে গ্রেফতার করে। হাঁসখালি থানার কেস নম্বর ২০৩ মোতাবেক ভারতীয় আইনের ৩৭৬ (২)ও পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
পরিবার সূত্রে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করার পর ধৃতকে হাঁসখালি থানার পুলিশ রানাঘাট সাব ডিভিশন আদালতে হাজির করে। সেখানে রানাঘাট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের কোর্টে তার শুনানি হয়। শুনানি শেষে রানাঘাট মহকুমা আদালত তার জামিন না মঞ্জুর করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।


